চট্টগ্রাম নগরের কদমতলীর পোড়া মসজিদ এলাকায় একটি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিটগুলো সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথমে একটি টায়ারের দোকানে আগুন লাগার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন লেগেছে একটি তেলের গুদামে। তিনি আরও বলেন, আবাসিক এলাকায় এ ধরনের তেলের গুদাম থাকা উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকা প্রয়োজন।
এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।